রাজধানী ঢাকায় বাতাসের মানে চরম অবনতি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে ঢাকার বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এ সময় ঢাকা ও এর পার্শ্ববর্তী ৮টি এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আজ দেশের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরের কাপাসিয়ায়। একিউআই স্কোর ৩০০ এর বেশি হলে যেখানে কাপাসিয়ায় একিউ আই স্কোর বিরাজ করছে ৬৭১। একই অবস্থা বিরাজ করছে সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে বাতাসের স্কোর রয়েছে ৩৭৬।
এ সময় রাজধানীর ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ধানমন্ডিতে (৪৫৫)। তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (৪১৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩৬২), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (৩৪৮), বেচারাম দেউড়ি (৩২২) ও কল্যাণপুর (৩১২) এলাকায়। এসব এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এছাড়া গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গোড়ান ও পীরেরবাগ রেললাইন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।