‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
রবিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান ও সফল মৎস্যচাষিরা।
সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। দেশীয় মাছ উৎপাদনে জোরালো ভূমিকা রাখার জন্য মৎস্য কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান অতিথি।
পরে জেলা প্রশাসকের দীঘিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এমপি ও জেলা প্রশাসক শফিকুল ইসলাম মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় জেলা পানিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ ও মৎস্য কর্মকর্তা মানস মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষীদের পুরস্কৃত করা হয়।