যশোরের নাভারন থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পর্যন্ত ৬৫ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের মধ্য দিয়ে জাতীয় রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে সাতক্ষীরা জেলা। ২ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পের মাধ্যমে দীর্ঘ দেড় শতাব্দী পর জেলাবাসীর রেল স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি হিসেবে সয়েল টেস্ট, জমি চিহ্নিতকরণ এবং ছয়টি স্টেশন নির্ধারণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নাভারন, কলারোয়া, মাধবকাঠি, সাতক্ষীরা সদর ও ভোমরা স্থলবন্দরসহ মোট ছয়টি আধুনিক স্টেশন এই রুটে অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্পের বড় একটি অংশ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে ঋণ সহায়তা হিসেবে সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।
রেলপথটি চালু হলে সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম, হিমায়িত চিংড়ি ও সুন্দরবনের মধু পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, “নাভারন-ভোমরা রেলপথ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে। এটি শুধু যোগাযোগ নয়, বরং অর্থনীতির নতুন লাইফলাইন হবে।”
ব্রিটিশ আমলে ১৯১৪ সালে এই রেল সংযোগের পরিকল্পনা করা হলেও দীর্ঘ ১১০ বছর পর তা বাস্তবায়িত হচ্ছে। বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাভারনে একটি আন্তঃনগর মানের বড় স্টেশন নির্মাণ করা হবে এবং খুব দ্রুতই প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি আসার পাশাপাশি সরকারের রাজস্ব আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।