গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা আছে। আমরা মনে করি, এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশে কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশ কমিটি করা দরকার।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল সদর আসনের প্রার্থী ফাতেমা রহমান বীথির নির্বাচনী মিছিল পূর্ব সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের সাথে সংস্কার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই বাংলাদেশে। এই নির্বাচন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। আবার নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা করা হচ্ছে। পতিত ফ্যাসিস্টদের কাছ থেকে এমন করা হচ্ছে। নানাভাবে অনেক গোষ্ঠী তাদের দলের স্বার্থে ক্ষতি করার চেষ্টা করছে।
পরে পৌর উদ্যান থেকে মাথাল মার্কার সমর্থনে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর আসনের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন প্রমুখ।
এই নির্বাচনী মিছিলে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।