ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ শুক্রবার (২ জানুয়ারি) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে আয়োজিত এই মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এছাড়া বিভিন্ন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা এতে শরিক হন। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয় এবং উচ্চশিক্ষা বিস্তারে তার কর্মময় জীবনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

 

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের আজ ছিল শেষ দিন। এ উপলক্ষে গত ৩১ ডিসেম্বর থেকে আজ ২ জানুয়ারি পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মেইন ক্যাম্পাস, ঢাকার ধানমন্ডির নগর কার্যালয় এবং দেশের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রগুলোতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক এই প্রধানমন্ত্রীর ভূমিকা দেশের উচ্চশিক্ষা প্রসারে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বীকৃত।



সম্পর্কিত খবর