জাতীয়

জামিন পেলেন নায়িকা শমী কায়সার

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় নাটকের এক সময়ের জনপ্রিয় নায়িকা শমী কায়সারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ।

এর আগে, অভিনেত্রী শমী কায়সারকে উত্তরা ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 

এর আগে ইশতিয়াক  মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে নিজে ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় শমি কায়সারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজসহ ১৭ জনকে আসামি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন শমী কায়সার। তাছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যেই অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

গত ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র-জনতার বিক্ষোভে হত্যার এক মমলায়।

এদিকে গত ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

 

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর