ঢাকা

জয়দেবপুর-পুবাইল সড়কে উন্নয়নের গতি, ৬০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ শুরু, বদলাবে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা

গাজীপুরের গুরুত্বপূর্ণ জয়দেবপুর-পুবাইল সড়ককে ৬০ ফুট প্রশস্ত আধুনিক নগর সড়কে উন্নীত করার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি পেয়েছে। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এই সড়কের ইছালী ব্রিজ থেকে পুবাইল কলেজগেট পর্যন্ত অংশে ৬০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে জয়দেবপুর থেকে ইছালী ব্রিজ পর্যন্ত অংশকে ২০ ফুট থেকে ৬০ ফুটে সম্প্রসারণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ কার্যক্রমও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 

শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ইছালী ব্রিজ থেকে পুবাইল কলেজগেট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারের বেশি অংশে সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

 

গাজীপুর সিটি কর্পোরেশনের ‘বিভিন্ন জোনের প্রধান সংযোগ সড়ক প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ’ প্রকল্পের আওতায় এ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে ৬০ ফুট প্রশস্ত সড়কের পাশাপাশি আরসিসি ড্রেন, ফুটপাত ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। নির্মাণকাজ পরিচালনা করছে কেই-বি অ্যান্ড সি (জেভি)।

 

প্রকল্প পরিচালক মো. লেহাজ উদ্দিন জানান, জয়দেবপুর-পুবাইল সড়কের উন্নয়ন দুই ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। ইছালী ব্রিজ থেকে পুবাইল কলেজগেট পর্যন্ত অংশে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ায় সেখানে সরাসরি ৬০ ফুট প্রশস্ত সড়ক, আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণ শুরু হয়েছে। অপরদিকে জয়দেবপুর থেকে ইছালী ব্রিজ পর্যন্ত অংশে ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। এখন ওই অংশকে আরও ৪০ ফুট সম্প্রসারণ করে ৬০ ফুটে উন্নীত করার জন্য ভূমি অধিগ্রহণের শেষ ধাপের কার্যক্রম চলছে।

 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী আধুনিক, নিরাপদ ও টেকসই যোগাযোগ সুবিধা পাবে। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সিটি কর্পোরেশন কাজ করছে।

 

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা জানান, জয়দেবপুর থেকে ইছালী ব্রিজ পর্যন্ত অংশের ভূমি অধিগ্রহণের প্রশাসনিক কার্যক্রম প্রায় শেষ হয়েছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে ভূমি অধিগ্রহণ আইনের ৮ ধারার নোটিশ জারি করা হবে। এরপর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত জমি অধিগ্রহণ শেষ করা হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, জয়দেবপুর-পুবাইল সড়ক শুধু একটি যোগাযোগপথ নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক ও শিল্পোন্নয়নের অন্যতম ভিত্তি। উন্নত সড়ক যোগাযোগ নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্পটি সর্বোচ্চ মান বজায় রেখে বাস্তবায়ন করা হবে। উন্নত নির্মাণসামগ্রী ব্যবহার, কঠোর তদারকি এবং গুণগত মান নিশ্চিত করে টেকসই সড়ক নির্মাণ করা হবে। তিনি জানান, জয়দেবপুর-ইছালী অংশের সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ক্ষতিপূরণের অর্থও জমা দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণ শেষ হলেই ওই অংশের সম্প্রসারণকাজ শুরু হবে।

 

অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারুন উর রশিদ, আশরাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী আবু সাঈদসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের মতে, পুরো সড়কটি ৬০ ফুট প্রশস্ত হয়ে গেলে পুবাইল, পূর্বাচল, কালীগঞ্জ, ঘোড়াশালসহ আশপাশের কয়েক লাখ মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও দ্রুত হবে। একই সঙ্গে শিল্প, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



সম্পর্কিত খবর