ঝিনাইদহ-০৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রমূলক ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহে ফিরিয়ে দেওয়ার দাবি তাদের।
সেসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকালে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে আটক করে ডিবি। আটকের খবর ছড়িয়ে পড়লে মিন্টু সর্মথকদের মধ্যে তোলপাড় শুরু হয়। অনেকে গা-ঢাকা দিয়েছেন। শহরজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রস্তুত রয়েছে।