ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পুকুরের পানিতে ডুবে আরশ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। শিশু আরশ ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু আরশ সকালে তার দাদার সঙ্গে বাড়ির পাশের মাঠে যায়। মাঠ থেকে তার দাদা তাকে বাড়িতে যেতে বললে সে একাই বাড়ির দিকে রওনা হয়। পথে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, “পানিতে ডুবে শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”