খুলনা

ঝিনাইদহে ব্যবসায়ী বরুণ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে ব্যবসায়ী বরুণ ঘোষ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ও তাঁর জমি বিক্রির পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করেন নিহতের ভাই অরুণ ঘোষ।

 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ ঘোষপাড়া মোড়ে তাঁর ভাই বরুণ ঘোষকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যা মামলার বাদী হন নিহতের স্ত্রী টুম্পা রানী ঘোষ। বর্তমানে টুম্পা রানী ঘোষ আসামিদের সঙ্গে যোগসাজশ করে মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া তিনি নিহতের জমি আইনবহির্ভূতভাবে বিক্রি করছেন।

 

অরুণ ঘোষ অভিযোগ করে বলেন, "আমার ভাই হত্যার যেন সঠিক বিচার না পাই, সেজন্য টুম্পা রানী ঘোষ নানামুখী পায়তারা করছেন এবং আসামিদের সঙ্গে যোগসাজশ করছেন। এমনকি আমার নামেও অপপ্রচার চালাচ্ছেন। এ ছাড়া আমার ভাইয়ের জমি আইনবহির্ভূতভাবে বিক্রি করে টাকা আত্মসাতের চেষ্টা করছেন। কয়েকটি জমি বায়না করে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। সেসব জমির ক্রেতারা ইতিমধ্যে জমি দখলে নিয়ে গাছপালা কেটে নিচ্ছেন।"

 

মামলার সঠিক বিচার নিশ্চিত করা এবং নিহত বরুণের নাবালিকা মেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে জমি যেন বিক্রি করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অরুণ ঘোষ। সংবাদ সম্মেলনে অরুণ ঘোষের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর