খুলনা

ঝিনাইদহে যাত্রীবাহী বাসচাপায় স্ত্রী নিহত সেনাসদস্য স্বামী হাসপাতালে, বাস আটক

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকার বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস তুলি নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত বাসটিকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া থানার সেনাসদস্য সোহেল কাজীর স্ত্রী। আহত সোহেল কাজী নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে করে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। পথিমধ্যে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুলি নিহত হন।

আহত সোহেল কাজীকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

 


সম্পর্কিত খবর