খুলনা

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল, নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মসূচির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

 

মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শহরের প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, মিজানুর রহমান লাল্টু, বাবুল আক্তার, মাহবুবুর রহমান মিলন, মুন্সি কামরুল ইসলাম, সোহরাব হোসেন রাজু, আজিজুল ইসলাম লস্কর, শাজাহান আলী খোকন ও জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

 

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে বিএনপি রাজপথে রয়েছে। যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



সম্পর্কিত খবর