খুলনা

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি’। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি তপন কুমার বিশ্বাস, জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টন, বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ নাহিদ আক্তার, সাইদুর রহমান ও শিক্ষার্থী আব্দুর রহমানসহ অন্য অনেকে বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ ও উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এলাকার মানুষের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে জেলা শহরে দ্রুত রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান তারা। অবিলম্বে এই ন্যায্য দাবি পূরণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।



সম্পর্কিত খবর