ঝিনাইদহে শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতি বছর পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ণ চন্দ্র পাল। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। মুক্ত আলোচনায় শিক্ষকরা শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি, মূল্যবোধ নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধসহ নানা বিষয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রস্তাবনাগুলোকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। জবাবদিহি ও নিবিড় মনিটরিং নিশ্চিত করার পাশাপাশি প্রতি বছর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হবে, যাতে শিক্ষার মানে একটি ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হয়।” এছাড়া তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন এবং বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।