খুলনা

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ৩ এমপির উপস্থিতিতে মানববন্ধন

ঝিনাইদহে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার নিয়োগে চরম দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জামায়াতে ইসলামী। ডিলার নিয়োগ প্রক্রিয়ায় তৎকালীন প্রভাবশালী চক্র অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বজনপোষণ করেছে বলে অভিযোগ তোলা হয়।

আজ রোববার সকাল ১০টায় ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যের প্রত্যক্ষ অংশগ্রহণে কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ড. হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিসিআইসি সার ডিলার নিয়োগে যোগ্য ব্যবসায়ীদের বাদ দিয়ে প্রভাবশালীদের আত্মীয়স্বজনদের সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে কৃষিখাতে অস্থিরতা তৈরি হবে এবং সাধারণ কৃষকরা ন্যায্যমূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হবেন। বক্তারা অবিলম্বে এই দুর্নীতি ও স্বজনপ্রীতিমূলক নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ডিলার নিয়োগের দাবি জানান।

দাবি মানা না হলে পরবর্তীতে কৃষকদের স্বার্থরক্ষায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত নেতারা।



সম্পর্কিত খবর