আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ আবারও দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, গবেষণার মানের দিক থেকে গাকৃবি বিশ্বব্যাপী ৪৬১তম স্থান অর্জন করেছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত।
প্রকাশিত তালিকা অনুযায়ী, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় ভাবে প্রথম এবং গবেষণার মানদণ্ডে বৈশ্বিক পর্যায়ে ৪৬১তম অবস্থানে রয়েছে, যা দেশের উচ্চ শিক্ষা ও গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠানের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। সার্বিকভাবে গাকৃবি এবার ৮০১-১০০০তম র্যাঙ্কের গৌরব অর্জন করেছে।
বিশ্বের ১১৫টি দেশের মোট ২১৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবারের মূল্যায়নে বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সম্পৃক্ততা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি ক্ষেত্রের ওপর গুরুত্ব দিয়ে ১৩ থেকে ১৮টি সূচকের ভিত্তিতে র্যাঙ্ক নির্ধারণ করা হয়।২০২৬ সালের তালিকায় বাংলাদেশের ১৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সব সূচকে উৎকর্ষ দেখিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
এর আগে ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং, ইমপ্যাক্ট র্যাঙ্কিং ও এশিয়া র্যাঙ্কিং-এও জাতীয়ভাবে প্রথম স্থান অধিকার করেছিল গাকৃবি। এছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখা বিশ্বসেরা ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গাকৃবি ছিল ৭৭তম স্থানে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মুস্তাফিজুর রহমান বলেন, এই স্বীকৃতি শুধু গাকৃবি’র নয়, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের গৌরব। আমরা দেখিয়েছি যে পরিকল্পিত কৌশল, গবেষণানির্ভর শিক্ষা ও আন্তর্জাতিক মান অনুসরণ করে বাংলাদেশেও একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং মাঠ পর্যায়ের সবার সম্মিলিত পরিশ্রমের ফল। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।