ঢাকা

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাংকিং ২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বুধবার (২১ জানুয়ারি) প্রকাশিত এই র‍্যাংকিংয়ের ‘লাইফ সায়েন্স’ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়টি এই কৃতিত্ব অর্জন করে।

 

র‍্যাংকিং অনুযায়ী, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে ৬০১ থেকে ৮০০-এর মধ্যে অবস্থান করছে। বিশেষ করে ‘গবেষণার গুণগত মান’ (রিসার্চ কোয়ালিটি) সূচকে ৬৯.৫ স্কোর অর্জন করে বিশ্ববিদ্যালয়টি দেশের সরকারি ও বেসরকারি সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান দখল করেছে।

 

এ বছর বিশ্বের ৯৮টি দেশের ১ হাজার ২১১টি বিশ্ববিদ্যালয়কে প্রাণিবিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞান—এই চারটি প্রধান শাখার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। মূলত গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গবেষণার পরিবেশ এবং শিক্ষার মান—এই চারটি প্রধান সূচককে ভিত্তি ধরে র‍্যাংকিংটি তৈরি করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের এই অসামান্য অর্জনে উপাচার্য অধ্যাপক ড. জে কে এম মোস্তাফিজুর রহমান শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই অর্জন আমাদের গবেষণার আন্তর্জাতিক মান ও দায়বদ্ধতার স্পষ্ট স্বীকৃতি। এটি প্রমাণ করে যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি ও জীববিজ্ঞানে বাংলাদেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছে। আমরা এই সাফল্যকে ভবিষ্যতে আরও মানসম্মত উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কাজে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করছি।”

 

উল্লেখ্য, এর আগে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং: সাসটেইনেবিলিটি ২০২৬ এবং ইউএস নিউজ র‍্যাংকিং ২০২৫-এর বিভিন্ন ক্যাটাগরিতেও গাকৃবি জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন করেছিল। ২০২৬ সালের এই সাবজেক্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের মোট ৯টি সরকারি ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

 



সম্পর্কিত খবর