ঢাকা

টাঙ্গাইলে বিএনপিতে যোগ দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের শতাধিক নেতাকর্মী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।

 

বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলী গ্রামের শাহাদত খান, ফিরোজ, আতোয়ার খান, গোলাপ খান, মহির খান, নজরুল মেম্বার ও আবু বকর সিদ্দিকী। তাঁরা দীর্ঘদিন কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

 

যোগদানকারী নেতাকর্মীরা জানান, রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তাঁরা বিএনপিতে শামিল হয়েছেন। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

নবাগতদের স্বাগত জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "আমরা সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়তে চাই। জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে আপনাদের অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে।"

 

সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন ও বর্তমান আহ্বায়ক খন্দকার রাশেদুর আলমসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর