টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা আব্দুর রহিম ভূঁইয়া (৫৫)। তিনি পেশায় একজন ভ্যানচালক। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শিলপাটা (বা শিল) দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রবিবার (৩০ আগস্ট) সকাল সাড় এগারোটার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ভ্যানচালক আব্দুর রহিম ভূঁইয়া নিজ ঘরে ভাত খেতে বসেন। এ সময় মাদকাসক্ত ছেলে মোস্তফা ভূঁইয়া (২০) বাবার কাছে টাকা দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে ঘরে থাকা শিল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে। এতে পিতা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মোস্তফা মাদকাসক্ত। সে কিছুদিন আগে বিয়ে করেছে। বিয়ের পর থেকে সে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে যান।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফা মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই সে বাড়িতে পাগলামি করে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, অভিযুক্ত মোস্তফা মাদকাসক্ত। টাকাপয়সা নিয়ে বাবার সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটেছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, "হত্যার পর মোস্তফা ভূঁইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ভাইকে আসামি করে থানায় মামলা করেছেন।"
এদিকে এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।