টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে এক স্বর্ণকারকে কুপিয়ে তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (১৮ অক্টোবর) রাতে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণকার বিপ্লব কর্মকার (৫০) দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেটকার নিয়ে আসা চারজন দুর্বৃত্ত হঠাৎ করে ধারালো চাপাতি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা বিপ্লব কর্মকারের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।
লুট শেষে দুর্বৃত্তরা এলাকা ত্যাগ করার আগে আতঙ্ক সৃষ্টির জন্য দুটি পটকা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার পরপরই টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। ঘটনার পর থেকে করটিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।