খেলাধুলা

ট্রফি উন্মোচন করলেন ইমরুল কায়েস

সিডনির আইকনিক স্থাপনা অপেরা হাউস ও হারবার ব্রিজের মনোরম পটভূমিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল)-এর স্বপ্নিল ট্রফি। এই বিশেষ মুহূর্তকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ও টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইমরুল কায়েস।

 

অপেরা হাউসের সামনে ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট আয়োজন এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির কোনো ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি বিশ্বের অন্যতম দর্শনীয় এই স্থানে উন্মোচনের ঘটনা এবারই প্রথম।

 

 

যা নিঃসন্দেহে এক নতুন মাইলফলক।

অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী ছয় দলের অধিনায়কদের উপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়। এতে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন, যার মধ্যে ছিলেন প্রোপার্টি ওয়ানের কর্ণধার মোহাম্মদ আলী শিকদার, ইউজিএস-এর ডিরেক্টর সেলিম রেজা এবং অস্ট্রেলিয়া আরব বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট জর্জ বুসমরা।

 

আয়োজনে অংশ নিয়ে সংশ্লিষ্টরা ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরো বড় ও আন্তর্জাতিক মানের পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

প্রপার্টি ওয়ানের কর্ণধার মোহাম্মদ আলী শিকদার বাংলা কমিউনিটির ক্রীড়া উদ্যোগকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে, এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরুল কায়েস জানান, আগামী মৌসুমে টুর্নামেন্টকে আরো আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা রয়েছে তাঁর।

টুর্নামেন্ট ডিরেক্টর আতিকুর রহমান সজীব জানান, গত মাসে সিডনির ল্যাকেম্বায় সফল অকশনের পর আয়োজনের ভিন্নতা ও আকর্ষণ বাড়াতেই অপেরা হাউস ও হারবার ব্রিজের কোল ঘেঁষে এমন ব্যতিক্রম আয়োজনের ভাবনা। যা পরবর্তীতেও ধরে রাখার প্রত্যয় তার।

 

 

রবিবার থেকে শুরু হবে মাঠের লড়াই। ১৩টি ম্যাচের জমজমাট লড়াইয়ের পর সব কিছু ঠিক থাকলে ফাইনাল ১৬ মে। ক্রিকেট এই টুর্নামেন্ট সামনে রেখে প্রবাসীদের মাঝে ভিন্ন রকমের আনন্দ উদ্দীপনা কাজ করছে।

 



সম্পর্কিত খবর