ঠাকুরগাঁওয়ে আমেরিকান ডলারের প্রলোভন দেখিয়ে জিম্মি করা এবং ভুয়া পুলিশ সেজে নির্যাতনের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ, ওয়াকি-টকি, নগদ আমেরিকান ডলার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাত ১০:৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর থানাধীন ১ নম্বর গড়েয়া ইউনিয়নের মিলনপুর হাটপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার আরাজী মিলনপুর এলাকার মৃত নছিন আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৪৫) এবং ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার বড়পলাশবাড়ী এলাকার মো. হবিবর রহমানের ছেলে মো. ফরিদুজ্জামান (১৯)।
পুলিশ জানায়, প্রতারক চক্রটি এক ব্যক্তিকে আসল আমেরিকান ডলার কম দামে কিনে দেওয়ার কথা বলে মিলনপুর হাটপুকুর বাজারের শরিফ মাস্টার নামে এক ব্যক্তির পরিত্যক্ত কোচিং সেন্টারে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ডলার না দিয়ে উল্টো পুলিশের পরিচয় দিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। ডিবি পুলিশ সেখান থেকে ভুক্তভোগীকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে এবং চক্রের মূল দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে উদ্ধারকৃত ভুক্তভোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদাদাদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়েছে এবং এ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।