রংপুর

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা সভা

ঠাকুরগাঁও সদর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান ও জনগণের স্বাস্থ্যসেবার প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিটিজেন ভয়েস অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর 'রিয়াক্টস ইন' প্রকল্পের সহযোগিতায় বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার মো. সায়েদুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া আকতার প্রমুখ।

কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে সামাজিক জবাবদিহি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ হিসেবে সভাটি আয়োজন করা হয়। সভায় কমিউনিটি ক্লিনিকের নির্ধারিত সেবার মানদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণ বাস্তবে এসব সেবা কতটুকু পাচ্ছেন, সেবার প্রাপ্যতা, মান, সহজলভ্যতা, কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা সম্পর্কে সিভিএ দলের প্রতিনিধিরা বিভিন্ন অংশীজন ও জনগোষ্ঠীর কাছ থেকে সংগৃহীত মতামত উপস্থাপন করেন।

উল্লেখ্য, জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, জবাবদিহি বৃদ্ধি এবং কমিউনিটি ক্লিনিককে আরও জনবান্ধব ও কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 


সম্পর্কিত খবর