রংপুর

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি: ১৭ লাখ টাকার ওষুধ লুট, সদর থানায় মামলা

ঠাকুরগাঁওয়ে ‘সৌহার্দ’ নামের একটি ফার্মেসির দোকানের টিনের শাটারের তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চোরেরা দোকানের ভেতরে প্রবেশ করে কয়েকটি বস্তায় ভর্তি করে ওষুধ নিয়ে একটি পিকআপে করে দ্রুত স্থান ত্যাগ করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের মতো রাত আনুমানিক ১১টার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান দোকানের মালিক ও কর্মচারীরা। পরদিন শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে তাঁরা দেখতে পান টিনের শাটারের তালা ভাঙা।

দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, দোকানে থাকা বিভিন্ন কোম্পানির দামি ওষুধ নেই। এই চুরি যাওয়া ওষুধের মূল্য প্রায় ১৭ লাখ টাকা। একই সঙ্গে ক্যাশ বাক্সে থাকা আরও ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

খবর পেয়ে দোকানের মালিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি স্থানীয়দের জানান। অজ্ঞাতনামা চোরেরা পূর্বপরিকল্পিতভাবে শাটারের তালা ও এঙ্গেল ভেঙে দোকানে প্রবেশ করে ওষুধগুলো চুরি করে নিয়ে যায়।

ক্ষোভ প্রকাশ করে ওষুধের দোকানের মালিকরা জানান, শহরের মধ্যে এমন একটি ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত চোরদের আইনের আওতায় আনতে হবে, অন্যথায় তাঁরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক কল্যাণ দেবনাথ জয় বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, সৌহার্দ ফার্মেসিতে চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশ সুপারের নির্দেশনায় কাজ চলছে। দ্রুত আসামিদের আইনের আওতায় নেওয়া হবে।

 


সম্পর্কিত খবর