কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত আজকের লকডাউন কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে কোনো প্রভাব পড়েনি। তবে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের চাপ কম রয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল, মৌচাক, সাইনবোর্ডসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারছে।
পুলিশ জানিয়েছে, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলাজুড়ে ৪৮৩ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে পরিদর্শন করে শিমরাইল থেকে সাইন বোর্ড পর্যন্ত কোনো চেকপোস্ট দেখা যায়নি। কর্মস্থল যাচ্ছেন আব্দুল্লাহ। কথা হলে তিনি বলেন, ‘আমরা একটু ভয়ে ভয়েই বের হয়েছি, কারণ রাতভর খবরে শুধু আগুনের ঘটনা শুনেছি। তবে রাস্তা এসে স্বাভাবিক দেখলাম। কিন্তু গাড়ি তুলনামূলক কম।’মহাসড়কে অটোরিকশা চালান আব্দুর রহমান। তিনি বলেন, ‘আমরা আজ সকাল থেকেই ভালো যাত্রী পাচ্ছি। শুনছি আওয়ামী লীগ লকডাউন দিছে, কিন্তু কিছু দেখি নাই।’
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘মহাসড়কে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটলেও আজ যানবাহনের চাপ কিছুটা কম। অন্যান্য দিনের মতো আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো নাশকতা এড়াতে আমাদের পাঁচ শতাধিক পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।’