শিল্পী, সংগীত এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আর আসবেন না বলে ঘোষণা দিয়েছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান। শুধু তাই নয়, শিল্পী হিসেবে প্রথমবার ভয় পেয়েছেন বলেও জানালেন তিনি। ১৬ ডিসেম্বর তিনি ঢাকায় এসেছিলেন। বৃহস্পতিবার ছায়ানটে হামলা হয়, পরের দিন শুক্রবার ছায়ানটে তার পারফর্ম করার কথা ছিল। আজ রবিবার ফেসবুক পোস্টে এসব জানিয়ে তিনি বলেন, ‘দেশটা শেষ, বাংলাদেশ শেষ হয়ে গেছে—আমার কাছে, একজন শিল্পী হিসেবে।’
তিনি বলেন, ‘১৯ ডিসেম্বর ঢাকার ছায়ানটে আমার অনুষ্ঠান করার কথা ছিল। একই দিন ভোরে, একদল জনতা বাংলার অন্যতম সম্মানিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট প্রাঙ্গণে আক্রমণ ও ভাঙচুর চালায়।’
বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছেলে আলী আকবর খান; তাঁর সন্তান ধ্যানেশ খানের ছেলে সিরাজ আলী খান।
তিনি মাইহার ঘরানার সংগীতের একজন খ্যাতিমান শিল্পী, ভারতেই থাকেন।
গত ৮ অক্টোবর ঢাকার লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের ধ্রুপদী সংগীতের অনুষ্ঠান আয়োজন করেছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সেই অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করে প্রশংসিত হয়েছিলেন সিরাজ আলী খান।
সিরাজ আলী খান বলেন, ‘ভারী হৃদয়ে আমাকে স্পষ্ট করে বলতে হচ্ছে—শিল্পী, সংগীত এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ ও সম্মানিত না হওয়া পর্যন্ত আমি বাংলাদেশে আর ফিরব না।
এই সিদ্ধান্ত রাগ থেকে নয়, বরং দায়িত্ববোধ থেকে—আমার পরিবারের উত্তরাধিকার, আমার শিল্প এবং আমার নিরাপত্তার প্রতি। আমি এখনও বিশ্বাস করি, সংগীতের শক্তি আছে আরোগ্য ও ঐক্য গড়ে তোলার। আমি শুধু আশা করি, একদিন শিল্প ও সংস্কৃতির প্রতি সম্মান এতটাই ফিরে আসবে যে সেই সেতু আবারও গড়ে তোলা যাবে।’
তিনি বলেন, ‘আমি সবসময় আমার শিকড়ের সঙ্গে নতুন করে যুক্ত হতে বাংলাদেশে ফিরে এসেছি। আমার পরিবারের সংগীত, বড় বাবা ওস্তাদ আলাউদ্দিন খানের ঐতিহ্য এবং মাইহার ঘরানার জীবন্ত উত্তরাধিকার ভাগ করে নিতে।