ভারতগামী এক যাত্রীর রেকটামে লুকিয়ে রাখা ৮২ গ্রাম ২৪ ক্যারেটের সোনা উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। এ ঘটনায় আল মামুন (৫৫) নামের এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করা হয়।
আটক আল মামুন ঢাকার মাতুয়াইল, ডেমরার শান্তিবাগ স্কুল রোড এলাকার মফিজুল হকের ছেলে। তাঁর পাসপোর্ট নম্বর- এ-২২৫৫৪১৫৫।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্টসংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ভারতগামী সন্দেহভাজন বাংলাদেশি পাসপোর্টধারী আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রী সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অধিকতর নিশ্চিত হতে একটি ক্লিনিকে নিয়ে শরীরের এক্স-রে পরীক্ষা করা হয়। এতে তাঁর রেকটামে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।
পরে জিজ্ঞাসাবাদে ওই যাত্রী শরীরের অভ্যন্তরে সোনা বহনের কথা স্বীকার করেন। তাঁর কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন জানান, উদ্ধার করা সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল কাস্টম হাউসে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিকে সোনা পাচার মামলায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শরীরের অভ্যন্তরে সোনা লুকিয়ে সীমান্ত অতিক্রমের এ কৌশলের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।