বিএনপি'র চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ঝিনাইদহের কৃতি সন্তান আসাদুজ্জামান আইনমন্ত্রী মন্ত্রনালয়ে দায়িত্ব পাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন দিগন্তে এগিয়ে যাবে এবং আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তারা ঝিনাইদহের সন্তান আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় জেলার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।