টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর পাড়ে দীর্ঘ সাড়ে ৪ কিলোমিটারজুড়ে মানববন্ধন করেছে ধুলিয়া ও দুর্গাপুর ইউনিয়নবাসী।
শুক্রবার সকালে ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধুলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহ্বায়ক মোফাজ্জেল হক মফুরের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলন কমিটি সংবাদ সম্মেলন করে ৬টি জেলার সাথে সেতু নির্মাণের দাবি জানায়।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে দক্ষিণাঞ্চলের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছে। প্রমত্তা তেঁতুলিয়ার জোয়ারে ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে যায়, ভাটায় তা আবার জেগে ওঠে। এতে হালের গরু, পুকুরের মাছ ও ফসল হারিয়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার মানুষ। নদীতে বিলীন হয়েছে কয়েকটি গ্রাম।
বক্তারা আরও বলেন, পটুয়াখালী, পায়রা বন্দর ও ভোলার ভেলুমিয়া হয়ে বাউফলের তেঁতুলিয়া নদীতে একটি সেতু নির্মিত হলে ভোলা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও বরিশালের সাথে অর্থনৈতিক সেতুবন্ধ তৈরি হবে। এতে ৭টি জেলার (বাউফলসহ অঞ্চলভিত্তিক) অন্তত ২৫টি উপজেলার মানুষের কর্মসংস্থান বাড়বে।
মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, জামায়াতের উপজেলা আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি মো. খালিদুর রহমান, সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. তারেক।