বান্দরবানের থানচি উপজেলার মায়ানমার সীমান্ত এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই অস্ত্র পাচারকারীকে আটক করেছে এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আটককৃতরা থানচি থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন ছোট মদক খ্যাইসাপ্রু পাড়া বাসিন্দা ওয়েবার ত্রিপুরা (৩৯) এবং লিটক্রে পাড়া বাসিন্দা রুইহং ম্রো (৬০)। তাদের নিকট থেকে ৩০ রাউন্ড অ্যামুনিশন, ১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি মর্টারের গোলার বক্স, ২টি গাদা বন্দুক, ২টি মোবাইল এবং ১টি কৃষি ব্যাংকের চেকবুক উদ্ধার করা হয়েছে।
যৌথ বাহিনী তাদের নিজস্ব সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম এবং উপ-অধিনায়ক এডি মোঃ জাকির হোসেন নেতৃত্বে সেনাবাহিনী সমন্বিত টাস্কফোর্স গঠন করে মায়ানমার সীমান্তের বড় মদক এলাকায় শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী অভিযান চালায়। অভিযানের সময় তারা দুই অস্ত্র পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
বলিপাড়া জোনের উপ-অধিনায়ক এডি মোঃ জাকির হোসেন জানান, পাহাড়ি অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে তারা আপোষহীনভাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, মায়ানমার সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। যৌথ বাহিনী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত দুইজনের বাইরে আরও কেউ থাকতে পারে, তবে মামলা প্রক্রিয়া চলছে।