মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে স্মরণকালের ফল বিপর্যয় ঘটেছে। গড় পাসের হার ৫৮.০৫ শতাংশ, যা শিক্ষা বোর্ডটির ইতিহাসের সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন পাসের হার ছিল গত বছরের ৬৭.০৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১৫ হাজার ৬২ জন।
১০ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ বোরহান উদ্দিন।
অধ্যাপক মোঃ বোরহান উদ্দিন জানান, ২০২৬ সালে এই শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৮২৭ জন শিক্ষার্থী, যেখানে গত বছর অকৃতকার্য ছিল ৩৫ হাজার ১৬৪ জন। এছাড়া অনুপস্থিত ছিল ২ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী।
তিনি আরও জানান, বিগত বছরগুলোর মতো এবারও পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৬৩.০১ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৩.৩৩ শতাংশ। মোট জিপিএ-৫ প্রাপ্ত ১৩ হাজার ৬৩৯ জনের মধ্যে ছাত্রী ৭,১৫২ জন এবং ছাত্র ৬,৪৮৭ জন।