দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১২ জন শিক্ষার্থীর হাতে মোট ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলাম। এ সময় ১১ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং একজনকে ৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, “সন্তানদের সঠিক পরিচর্যায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। প্রবীণরা সমাজের বোঝা নন, বরং সম্পদ। তাঁদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।”
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেন। সমিতির কোষাধ্যক্ষ মো. ফসিউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে কার্যনির্বাহী সদস্য সেলিনা খাতুন, রওশন আরাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।