জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করে যোগ দেন কালেক্টরেটের কর্মচারীরাও।
সমাবেশে সংগঠনের জেলা সভাপতি মোঃ মজিবর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। পে-স্কেল কোনো অনুগ্রহ নয়, বরং এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের সাংবিধানিক অধিকার। অনতিবিলম্বে আমাদের এই ন্যায্য দাবি মেনে নিতে হবে।” সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন সতর্কবার্তা দিয়ে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
বিক্ষোভ সমাবেশে সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মবিরতির কারণে এই সময়ে আদালতগুলোতে বিচারিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।