দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সদ্য পদত্যাগ করা জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে। একইসঙ্গে দুদকে দুজন কমিশনার নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে। এদের মধ্যে একজন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ কমিশনার হতে যাচ্ছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। দুদক চেয়ারম্যানসহ দুই কমিশনারের নিয়োগের বিষয়ে এখন গেজেট জারি হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন সম্প্রতি পদত্যাগ করেছেন। আজকেই তার এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন।
মোহাম্মদ আবদুল মোমেনকে যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।
বায়ান্ন/এমএমএল/পিএইচ