বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, "বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।" যার কারণে দলমত নির্বিশেষে জনগণের কাছে তিনি সম্মানিত ও শ্রদ্ধার প্রতীক—এমন মন্তব্য করেন তিনি।
শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশে পলাশ থানা ও ঘোড়াশাল শহর ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান।
তিনি আরও বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনে কখনো হিংসা, প্রতিহিংসা বা ক্রোধ ছিল না। তাই দেশের সকল শ্রেণি-পেশার মানুষ তাঁকে ভালোবাসে। গণতন্ত্রের জন্য যিনি সারাজীবন সংগ্রাম করেছেন—আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।" এ সময় তিনি দেশের সকল মানুষের কাছে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরসহ অন্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন— পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন, উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার, ঘোড়াশাল যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমীন ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভুইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে একটি ছাগল সদকায়ে জারিয়া দেওয়া হয়, যা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে নতুন মাত্রা যোগ করে।