বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা পালন শুরু করবেন। আজ (শনিবার) এশার নামাজের পর মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা, এরপর সেহরির মাধ্যমে শুরু হবে দিনের প্রথম রোজা।
শনিবার (১ মার্চ) দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে শনিবার (১ মার্চ) থেকেই দেশগুলোতে রোজা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ বেশ কয়েকটি দেশেও একই দিন রমজানের চাঁদ দেখা গেছে।
এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু অঞ্চলের মুসল্লিরা শনিবার থেকেই রোজা রাখা শুরু করেছেন। তারা শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে পবিত্র এ মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালনসহ ইবাদত-বন্দেগিতে সময় কাটান, দান-সদকা ও সৎ কাজে নিয়োজিত থাকেন।
বায়ান্ন/এএস/একে