দেশের বেশিরভাগ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বাতিল হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলছেন, একটি খসড়া তৈরি করা হয়েছে। তবে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দ্বিতীয় ধাপে ২৯টি দেশি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছিল। এর আগে প্রথম ধাপে ৬৭টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে কমিশন। সব মিলিয়ে ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাড়াই ৯৬টি।
নির্বাচনের দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা বাতিল হচ্ছে কিনা জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, আমরা একটি খসড়া দাঁড় করিয়েছি। খসড়াটি কমিশনের মিটিংয়ে তোলা হবে। আলোচনা পর্যালোচনা করে নেওয়া হবে। এতে বেশিরভাগ সংস্থার নিবন্ধন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
খসড়ার সিদ্ধান্তে কি আছে জানতে চাইলে ইসি বলেন, খসড়ার সিদ্ধান্ত তো এই মুহূর্তে বলা যাবে না। চূড়ান্ত না হলে বলা কঠিন।
ইসিতে পর্যবেক্ষক নীতিমালা বহাল রেখেই দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা বাতিল করা হচ্ছে কিনা-জানতে চাইলে ইসি বলেন, বিদ্যমান বিধিমালা ও সংস্কার কমিশনের যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো বিস্তারিত আলাপ-আলোচনা করেই সামনের দিকে এগোচ্ছি। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে তাহলে বাতিল হবে।
ভোট কেন্দ্রের ব্যবস্থাপনা বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আজ ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় খুঁটিনাটি অনেক বিষয়ে রয়েছে। সেগুলো নিয়ে আলাপ করেছি নিয়ে আরো পর্যালোচনার বিষয় আছে। এ সংক্রান্ত নীতিমালা নিয়েও আলাপ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারির বিরুদ্ধে আদালতে রিটের প্রসঙ্গে ইসি বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে এই বিষয়ে একটি রিট হয়েছে। এখনো আমরা কোন কাগজপত্র পাইনি। রুলের আদেশ এলে আমরা বুঝতে পারব এই রিটের বিষয়বস্তু কি। তখন আমরা বুঝতে পারব কি পদক্ষেপ নিতে হবে।
নতুন রাজনৈতিক দলের গণবিজ্ঞপ্তি স্থগিত করায় আগামী নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে কি না জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম সরকার এই প্রশ্ন এড়িয়ে যান।
তিনি বলেন, আদালতের আদেশ না দেখে কিছু বলা ঠিক হবে না। আমাদের কাছে এখনো কোন কপি আসেনি। আগামী সপ্তাহে হয়তো আমরা কপিটা পাব। রাজনৈতিক দলগুলো যদি ইসির কাছে নিবন্ধন চায় শর্ত পূরণ হলে ইসি নিবন্ধন দেবে।
বায়ান্ন/এমএমএল/একে