ঢাকা

দোকানে খাবার কিনতে গিয়ে নিখোঁজ, ২৪ ঘন্টা পর প্রতিবেশীর ছাদে মিলল শিশুর লাশ

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর আব্দুর রহমান নামে ছয় বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুর রহমান একই গ্রামের শুকুর আলীর ছেলে।

 

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) সকালে আব্দুর রহমান মায়ের কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় দোকান থেকে খাবার কিনে খায়। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিখোঁজের সংবাদ প্রচার করা হয়।

 

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

রোববার সকালে স্থানীয়রা প্রতিবেশী ইদ্রিস মিয়ার একতলা বাড়ির ছাদে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পাই। ঘটনার নিখুঁত বিশ্লেষণের জন্য ঢাকার সিআইডি ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে।

তিনি আরও জানান, মরদেহের আলামত যাতে নষ্ট না হয় সেজন্য পুলিশ সতর্কতার সঙ্গে কাজ করছে। ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) ও থানার অফিসার ইনচার্জ উপস্থিত রয়েছেন।

এ ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



সম্পর্কিত খবর