খুলনা

ধর্ষণের অভিযোগে কালীগঞ্জে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম ওরফে রবি (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বারবাজার ইউনিয়নের লুচিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের ওই কিশোরীর সঙ্গে রবিউলের ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কালীগঞ্জের একটি ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাকে নিজ বাড়িতে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে কিছুদিন রাখেন রবিউল।

এজাহারে আরও বলা হয়, কিশোরী বিয়ের কাবিননামা ও প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে চলতি বছরের ২৬ এপ্রিল তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে গত ২১ আগস্ট কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার পর সোমবার (২৪ আগস্ট) রাত সোয়া ১টার দিকে বারবাজার পুলিশ ক্যাম্পের একটি দল লুচিয়া গ্রামে অভিযান চালিয়ে রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, "মামলার এজাহারের অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

গ্রেপ্তার রবিউলকে মঙ্গলবার ঝিনাইদহের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



সম্পর্কিত খবর