রাজশাহী

নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড সরিয়ে যানজট নিরসনের উদ্যোগ

নওগাঁ শহরের প্রধান সড়কের পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকা বাসস্ট্যান্ড অবশেষে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলার সর্বস্তরের জনগণসহ সচেতন মহল। নওগাঁ পৌর সভার প্রশাসক ও ডিডিএলজি টি.এম.এ. মমিন নিশ্চিত করেছেন যে, নওগাঁর বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে থাকা সরকারি জমি পৌরসভার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

 

স্থানীয় অনেকেই জানান, নওগাঁ শহরের প্রধান সড়কের পাশে ঢাকা বাসস্ট্যান্ড গড়ে ওঠায় প্রতিদিনই যানজটে পড়তে হয় শহরবাসীসহ পথচারীদের। বর্তমানে যানজটের কারণে নওগাঁবাসী অতিষ্ঠ। বিশেষ করে ঈদের সময় এই যানজট তীব্র আকার ধারণ করে, যার ফলে শত শত কর্মঘণ্টা নষ্ট হয়। অনেকে মনে করেন, বিগত সময়ে রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের স্বার্থের কারণে এই জটিল সমস্যা সমাধানের কথা ভাবেননি। তবে এখন একটি যানজটমুক্ত পরিচ্ছন্ন নওগাঁ শহর বিনির্মাণের সময় এসেছে এবং এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে প্রশাসনকে নওগাঁর সকল মহল সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে।

 

টমটম চালক সেলিম বলেন, "এই ঢাকা বাসস্ট্যান্ডের কারণে শহরের পানি উন্নয়ন বোর্ড থেকে তাজের মোড় পর্যন্ত জ্যাম লেগেই থাকে। মাঝে মাঝে ৫ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগে ৫০ মিনিট। এই বাসস্ট্যান্ড অন্য জায়গায় নিয়ে গেলে শহরের জ্যামের ভোগান্তি যেমন কমবে, আমাদের ভাড়াও বাড়বে। রোজগার বেশি হবে।"

 

নওগাঁ পৌর সভার প্রশাসক টি. এম. এ. মমিন মুঠোফোনে জানান, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই বাসস্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত যানজটের কবলে পড়তে হচ্ছে পথচারীদের। এই বাসস্ট্যান্ডের কারণে শহরের তাজের মোড় থেকে পানি উন্নয়ন বোর্ড অফিস পর্যন্ত প্রায়শই যানজট লেগেই থাকে। অথচ নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনাল অবস্থিত শহরের বালুডাঙ্গায়, যেখান থেকে আন্তঃজেলার সকল বাস চলাচল করে। কিন্তু শুধুমাত্র ঢাকা ও বগুড়াগামী বাসস্ট্যান্ড পড়ে আছে শহরের প্রবেশদ্বারে।

 

তিনি আরও বলেন, "বর্তমান জেলা প্রশাসক স্যার শহরের যানজটের প্রধান কারণ এই বাসস্ট্যান্ড বালুডাঙ্গা এলাকায় নিজস্ব জায়গায় স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই ডিসি স্যার বালুডাঙ্গা বাস টার্মিনালে থাকা জমি পৌরসভার কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন। জমি পাওয়ার পর প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। নওগাঁবাসীর সার্বিক সহযোগিতা পেলে দ্রুতই স্থানান্তর করতে সক্ষম হবো।" সেই সাথে তিনি গণমাধ্যমকর্মীদের বিষয়টি প্রচারেও আহবান জানান।

 

জানা যায়, বাসস্ট্যান্ডের এই এলাকায় জেলা স্টেডিয়াম, ফায়ার সার্ভিস অফিস, পানি উন্নয়ন বোর্ডসহ অনেক গুরুত্বপূর্ণ সরকারি প্রধান অফিসগুলো অবস্থিত। যার ফলে জরুরি প্রয়োজনে শহরের মধ্যে প্রবেশের সময় যানজটের কারণে নানা কর্মকাণ্ড ব্যাহত হয়।

 

প্রতিদিনই যানজটের কবলে পড়ে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। অথচ কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্ধারিত জায়গা থাকলেও বছরের পর বছর ধরে সেখানে না গিয়ে শহরে যানজটের সৃষ্টি করে আসছে ঢাকা বাসস্ট্যান্ড। এমন উদ্যোগ বাস্তবায়ন হলে অনেকটাই যানজটমুক্ত হবে নওগাঁ শহর। সচেতন মহল জেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে একটি নিরাপদ, বাসযোগ্য আধুনিক ও পরিচ্ছন্ন মডেল শহর হিসেবে নওগাঁকে বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।



সম্পর্কিত খবর