আজ শনিবার ১২ এপ্রিল ২০২৫, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ সরাইল শাখার সদস্যদের সাথে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ ঘটিকা থেকে উপজেলা নির্বাহী অফিসার সরাইল এর কার্যালয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোশারফ হোসেন জানান, নদী ও প্রকৃতি সুরক্ষায় সরাইল উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি তরী বাংলাদেশের কর্মকান্ডের প্রশংসা করে বলেন আমি নিজে পরিবেশের ছাত্র, নদী ও পরিবেশ রক্ষায় কাজ করতে আমি খুবই পছন্দ করি। তরীর সহযোগিতা পেলে আমি ভবিষ্যতে এ বিষয়ে আরো ভালো কাজ করতে পারব। আজ তরীর সদস্যরা আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য উপস্থাপন করেছেন। আমি সকলকে সাথে নিয়ে সব গুলো না পারলেও অন্তত উল্লেখযোগ্য সংখ্যক কাজ সম্পন্ন করার চেষ্টা করব। সকলের সহযোগিতায় সরাইল উপজেলাকে তিনি একটি বসবাস যোগ্য আধুনিক ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় কালে তরীর সকল সদস্য তাদের বক্তব্যে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সাম্প্রতিক সময়ে নদীদখল দূষণমুক্তকরণে ও পরিবেশ সুরক্ষায় পরিচালিত অভিযান সমূহের প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা সভায় সমগ্র উপজেলার খাল-বিল, নদী-নালা, পুকুর ভরাট ও দখল করে পরিবেশ ধ্বংসের চিত্র তুলে ধরেছেন। মাদকের ছড়াছড়ি ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্টের চিত্র ও সমাধানের করণীয়ও উল্লেখ করেছেন। ‘তরী বাংলাদেশ’ এর আহবায়ক শামীম আহমেদ বলেন “ তরী বাংলাদেশ সবসময় নদী ও প্রকৃতি সুরক্ষায় কাজ করে যাচ্ছে এবং প্রকৃতি সুরক্ষায় সরাইল উপজেলা প্রশাসনের সকল উদ্যোগের পাশে থাকবে তরী বাংলাদেশ “। সভায় আরও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি, সোহেল রানা ভূঁইয়া, খাইরুজ্জামান ইমরান, তরী সরাইল শাখার সদস্য সচিব মো. শাহগীর মৃধা, সদস্য মো. আবুল কাশেম তালুকদার, মো. শাহিন শাহ, মোছা: নাজমা বেগম, শাকিল আহমেদ প্রমূখ।
বায়ান্ন/আরএস