নরসিংদীতে বড় ধরনের সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলা শাখার বর্তমান কমিটি স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
সোমবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম। তিনি জানান, আনুষ্ঠানিক কোনো লিখিত নির্দেশনা এখনও হাতে না পেলেও সাবেক জেলা আমিরের বরাতে কমিটি স্থগিতের তথ্য জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করার অভিযোগের প্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, জেলা কমিটির মোট ১৮ জন নেতার পদ একযোগে বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, জেলা সেক্রেটারি আমজাদ হোসেনের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পদ এবং রুকনিয়াত—উভয়ই বাতিল করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
দলীয় অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং কার্যক্রমকে সঠিক ধারায় ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। নতুন জেলা কমিটি গঠন না হওয়া পর্যন্ত নরসিংদী জেলার সাংগঠনিক কার্যক্রম সরাসরি তদারকি ও নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে, এবং দলটির পরবর্তী পদক্ষেপ কী হয়, সে দিকে নজর সবার।