ঢাকা

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে মহাঅভিযান শুরু, একযোগে মাঠে প্রশাসন

দেশব্যাপী তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। এর অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলায় একযোগে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার দুটি পৌরসভা, উপজেলা প্রশাসন ও ১৪টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

অভিযানে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযানের আওতায় ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, শুধু সরকারি দপ্তরের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করা সম্ভব নয়। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এ সময় বর্জ্য অপসারণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ এবং ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নরসিংদী সদর উপজেলার বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং ডেঙ্গুর বিস্তার রোধের পাশাপাশি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নরসিংদী গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 


সম্পর্কিত খবর