ঢাকা

নরসিংদীতে ভোজ্যতেলে পরিমাপে কারচুপি, ৩ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিএসটিআইয়ের নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সাহেপ্রতাপ এলাকার এন এস কো ফুড অ্যান্ড কনজ্যুমার লিমিটেড নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোজ্যতেল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাতকরণে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি ফর্টিফায়েড সয়াবিন তেলের প্রতি ১ হাজার ৮০০ মিলিলিটার বোতলে ৬০ মিলিলিটার এবং প্রতি ৯০০ মিলিলিটারে ৪০ মিলিলিটার তেল কম দিচ্ছিল। এ ছাড়া বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই ‘রূপালী ইলিশ’, ‘রূপালী চান্দা’ ও ‘পুষ্প’ ব্র্যান্ডের নামে তেল বিক্রি ও বিতরণ করা হচ্ছিল।

একই ঠিকানা ব্যবহার করে চারটি ভিন্ন প্রতিষ্ঠানের নামে ফর্টিফায়েড সয়াবিন তেল মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগও পাওয়া গেছে।

অভিযানে দেখা যায়, পণ্য মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘন করে ৪৫০, ৯০০, ১ হাজার ৮০০ ও ৪ হাজার ৫০০ মিলিলিটার পরিমাণের বোতলে অবৈধভাবে পণ্য মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি তেলের নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ সংযোজন না করা, বিএসটিআইয়ের সনদ ছাড়াই লেবেলে বিএসটিআই স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যবহার এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ করার অপরাধ ধরা পড়ে।

এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ২ লাখ টাকা এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ১ লাখ টাকা—সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

একই সাথে প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের ঢাকা প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মোহাম্মদ শফিকুল আলম এবং সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল, নিম্নমানের পণ্য, পরিমাপে কারচুপি এবং পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও তদারকি অভিযান অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর