ঢাকা

নরসিংদীতে 'হাস্যকর উন্নয়ন': ঢালাই রাস্তার মাঝখানে ৬ বিদ্যুতের খুঁটি

নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় সড়ক উন্নয়ন কাজে চরম অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ উঠেছে। রাস্তার ঠিক মাঝখানে ছয়টি বিদ্যুতের খুঁটি রেখেই চলছে ঢালাইয়ের কাজ। ফলে প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী, পথচারী, স্কুলশিক্ষার্থী, মোটরসাইকেল চালক ও রিকশা আরোহীরা। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

 

এলাকাবাসী জানান, বীরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদ থেকে শংকর সাহার বাড়ি পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার সড়ক উন্নয়ন করছে নরসিংদী পৌরসভা। কিন্তু কাজ শুরুর পরও সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ করা হয়নি। এতে সাধারণ মানুষের ভোগান্তি এবং দুর্ঘটনার ঝুঁকি ক্রমাগত বাড়ছে।

 

স্থানীয় বাসিন্দা সিরাজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাস্তার মাঝখানে খুঁটি রেখে রাস্তার উন্নয়ন—এ কেমন উন্নয়ন? রাতে আলো কম থাকলে গাড়ি বা মোটরসাইকেল চালিয়ে গেলে যে কেউ ধাক্কা খেতে পারে। বড় দুর্ঘটনা হলে তার দায় নেবে কে?”

 

আরেক বাসিন্দা হাসিনা বেগম বলেন, “এই রাস্তা দিয়েই স্কুলের বাচ্চারা যায়। প্রতিদিন দুশ্চিন্তা হয়—কখন কী হয়! খুঁটি না সরালে এই উন্নয়নের কোনো অর্থ নেই।”

 

অটো চালক সুহেল মিয়া মন্তব্য করেন, “ঢালাই করা রাস্তার মাঝখানেই খুঁটি! অটোরিকশা চালাতে গেলে ভারসাম্য রাখা কষ্টকর হয়ে যায়। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বিপদ অনিবার্য।”

 

 

এ বিষয়ে নরসিংদী পৌর প্রশাসক মো. মনোয়ার হোসেন জানান, “খুঁটিগুলো সরানোর জন্য ইতোমধ্যে পল্লীবিদ্যুতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”

 

এলাকাবাসী মনে করেন, দায়িত্বহীনতার কারণে উন্নয়ন কাজটি মানুষের জন্য দুর্ভোগে পরিণত হয়েছে। তারা দ্রুত বিদ্যুতের খুঁটি অপসারণ করে সড়কটি নিরাপদ করার দাবি জানিয়েছেন।



সম্পর্কিত খবর