শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশালের লাগালিয়া সড়ক থেকে মাহমুদ হাসান শাকিল (৪৪) নামে ওই ব্যক্তিকে আটক করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি।
গ্রেপ্তারকৃত শাকিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারখোলা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি বর্তমানে ঘোড়াশালের দক্ষিণ মিয়াপাড়া এলাকায় জাহিদ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এসআই মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরে তার হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন জানান, আটক শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় স্কাফ সিরাপের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।