বিনোদন

নিউইয়র্কের পর এবার ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও যে বিশেষ ভালোবাসা রয়েছে জিয়াউল ফারুক অপূর্বর, তা ভক্তদের অনেকেরই জানা। গত আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো একক কনসার্টে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন এই অভিনেতা।

 

এবার দেশটির আরেক শহরে সংগীত পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। দ্বিতীয়বারের মতো একক কনসার্টে গান শোনাতে যাচ্ছেন ফ্লোরিডায়।

আগামী ডিসেম্বরে ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। এই উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর মঞ্চে উঠবেন অপূর্ব।

 

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে তার কনসার্ট। 

নতুন এই সংগীতায়োজন নিয়ে এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’

 

নিউইয়র্কের কনসার্টের পরই অপূর্ব জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে তার গানের অনুষ্ঠানের প্রস্তাব আসছে।

 

দেশটির ১২টি শহরের প্রবাসীরা তাকে কনসার্টের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন এই তারকা।

স্ত্রী ও সন্তানের সুবাদে বছরের বেশির ভাগ সময়ই এখন যুক্তরাষ্ট্রে থাকেন অপূর্ব। সেখানে অভিনয়ের পাশাপাশি গানের মাধ্যমে নতুন ব্যস্ততা তৈরি করছেন তিনি। ভবিষ্যতে দেশেও কনসার্ট করার ইচ্ছা রয়েছে তার।

 



সম্পর্কিত খবর