ঢাকা

নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে পলাতক বাবা মাজার থেকে গ্রেপ্তার

নরসিংদীতে নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. হালিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করে রাখারও অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের হাটহাজারী এলাকার একটি মাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে নরসিংদী সদর মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নরসিংদী শহরের একটি এলাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন তাঁর বাবা। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে একাধিক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় নাবালিকার মামা মো. সফিকুল ইসলাম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন।

মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে নরসিংদী ছাড়াও মুন্সীগঞ্জ ও সিলেটের গোয়াইনঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার ভোরে সেখানকার একটি মাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেল ৫টায় নরসিংদী মডেল থানার সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য দেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান।

তিনি জানান, মামলার ভিত্তিতে নরসিংদী সদর মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েসসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।



সম্পর্কিত খবর