চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত মো. জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এ টি এম মাজাহারুল ইসলামের ছেলে।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরোয়ার এলাকায় ফেনসিডিল ও ইয়াবা ব্যবসা করে আসছিলেন এবং তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর মাদকের কারবার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বড় রাজাপুর গ্রামে ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন।

 

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ক্রেতা সেজে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সরোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।

 

গ্রেপ্তারকৃত সরোয়ারকে গত শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



সম্পর্কিত খবর