চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় 'বাঁধন পরিবহন'-এর এক সুপারভাইজারকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বের সড়কে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সাহাব উল্লাহ (৩৭) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের চুনী ভূঁঞা বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাসের সুপারভাইজার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সাহাব উল্লাহ দীর্ঘদিন ধরে বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। এই সুযোগে তিনি একটি মাদক পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের হাতে পৌঁছে দিতেন।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও জানান, যাত্রীবাহী বাসের আড়ালে নোয়াখালীর বিভিন্ন স্থানে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসে অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সুপারভাইজার সাহাব উল্লাহ জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।